ঢামেকে দালালের দৌরাত্ম্য, রোগীদের ভোগান্তি সরেজমিনে দেখল দুদক

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:১১ পিএম

ঢামেকে দালালের দৌরাত্ম্য, রোগীদের ভোগান্তি সরেজমিনে দেখল দুদক

ফাইল ফটো

 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন স্থানে চিকিৎসাসেবার বেহাল দশা, দালালের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি ও ওষুধের সংকটের অভিযোগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের একটি দল আকস্মিকভাবে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শন করে। এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার নানা অনিয়ম ও ভোগান্তির তথ্য জানতে পারেন তারা।

পরিদর্শনকালে রোগী ও স্বজনেরা অভিযোগ করেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য রয়েছে, অনেক সময় চিকিৎসকদের পাওয়া যায় না এবং প্রয়োজনীয় ওষুধ না থাকায় বাইরে থেকে কিনতে হয়। চিকিৎসাসেবা নিতে গিয়ে অবহেলা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

এ সময় আকলিমা খাতুন নামে এক নারী তার অসুস্থ স্বামী বাবুল আকতারের চিকিৎসা নিয়ে ভোগান্তির কথা তুলে ধরেন। তিনি জানান, এক সপ্তাহ ধরে হাসপাতালে ঘুরেও প্রয়োজনীয় সেবা পাননি। টাকা ছাড়া সেবা পাওয়া কঠিন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ শোনার পর দুদক চেয়ারম্যান ও কমিশনাররা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। হাসপাতাল পরিচালক অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে দুদক চেয়ারম্যান বলেন, চিকিৎসাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে জনসেবা নিশ্চিত করতে দুদকের অভিযান ও পরিদর্শন অব্যাহত থাকবে। অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Link copied!