দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ৫২টি নতুন গ্যাসকূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিগত ২০ বছরে নতুন কূপ খনন না করায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস পাওয়ার সুখবর রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, কৃষকদের মেধার মূল্যায়ন, গবেষকদের বেতন-ভাতা বৃদ্ধি ও সামাজিক মর্যাদা উন্নয়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবারের মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি কৃষি প্রতিষ্ঠান ৫৩টি স্টলে বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করছে।
প্রতিমন্ত্রী বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও আরডিএর মতো প্রতিষ্ঠানের ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থায় প্রায় ৪০ শতাংশ পানি সাশ্রয় সম্ভব হয়েছে। কৃষিতে সারের সঠিক ব্যবহার, অতিরিক্ত সার প্রয়োগ বন্ধ এবং জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু থেকে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের ওপর জোর দিয়ে মীর শাহে আলম বলেন, এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাসহ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করে উত্তরাঞ্চলের আলু ও সবজি বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের।
অনুষ্ঠানে আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রমানিক কৃষিতে প্রযুক্তির ব্যবহার, যান্ত্রিকীকরণ ও গবেষণার সঙ্গে শিল্প খাতের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কৃষির টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। এতে আধুনিক কৃষি প্রযুক্তি, যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণসহ বিভিন্ন উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :