গৌরীপুরে মৃত দলিল লেখকের মেয়ের বিয়েতে ১ লাখ টাকা অনুদান

মতিউর রহমান খান , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:০৪ পিএম

গৌরীপুরে মৃত দলিল লেখকের মেয়ের বিয়েতে ১ লাখ টাকা অনুদান

একজন বাবা আজ পৃথিবীতে নেই। কিন্তু তাঁর মেয়ের জীবনের অন্যতম আনন্দঘন মুহূর্তে বাবার সহকর্মীরা ভুলে যায়নি তাঁকে। মানবিকতার হাত বাড়িয়ে মৃত সহকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহের গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির মানবিক সাধারণ সম্পাদক মো, গোলাম হাচি-বেশ শাহীদ মুন্সী ও সদস্যরা। মরহুম বাহার উদ্দিন ছিলেন গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিসের একজন সনদপ্রাপ্ত দলিল লেখক এবং দলিল লেখক সমিতির কার্যকরী কমিটির সদস্য। ২০২৪ সালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের বয়রা গ্রামে।

সম্প্রতি মরহুম বাহার উদ্দিনের মেয়ের বিয়ের উপলক্ষে রবিবার (২ নভেম্বর/২৬) দলিল লেখক সমিতির মানবিক সাধারণ সম্পাদক মো. গোলাম হাচি-বেশ শাহীদ মুন্সী মরহুম বাহার উদ্দিনের নিজ বাড়িতে গিয়ে এক লাখ টাকা অনুদান হিসেবে তাঁর মা ও স্ত্রীর হাতে তুলে দেন। একজন প্রয়াত সহকর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো. মকবুল হোসেন, দলিল লেখক মো. শাহিদুল ইসলাম, এসএটি অ্যাক্ট মোহরার সুলতানা মুনমুনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

জানা যায়, এটি দলিল লেখক সমিতির মানবিক সাধারণ সম্পাদক মো. গোলাম হাচি-বেশ শাহীদ মুন্সী`র এ উদ্যোগের প্রথম ঘটনা নয়। তিনি সমিতির দায়িত্বভার গ্রহণের পর এর আগেও প্রায় তিন মাস পূর্বে একজন দলিল লেখকের মৃত্যুর পর তাঁর স্ত্রী ও সন্তানের হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ প্রমাণ করে, একটি পেশাজীবী সংগঠন শুধু পেশাগত স্বার্থ রক্ষায় নয়, সদস্যদের সুখে-দুঃখেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মরহুম বাহার উদ্দিনের মেয়ের বিয়েতে এই সহায়তা গ্রহণের সময় তাঁর মা আবেগাপ্লুত হয়ে পড়েন। চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। তাঁর সেই অশ্রুতে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা ও হারানো স্বজনের সহকর্মীদের কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতার অনুভূতি। অর্থের মূল্য মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হলেও বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর ভালোবাসা ও সহযোগিতার মূল্য অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। গৌরীপুরের দলিল লেখক সমিতির মানবিক সাধারণ সম্পাদক মো. গোলাম হাচি-বেশ শাহীদ মুন্সী`র এই উদ্যোগ সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সিয়াম সরিষা
Link copied!