ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় রেলওয়ের জমি দখল করে ১৮ তলা ‘এলিট টাওয়ার’ নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে জমি পরিমাপ করে ভবনটির সীমানার মধ্যে রেলওয়ের প্রায় ১৩ ফুট জায়গা পাওয়ায় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভবনটির অনুমোদিত নকশা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন ঘটনাস্থলে জমি পরিমাপ করে এ নির্দেশ দেন। রেলওয়ের অনুমতি ছাড়া নির্মাণকাজ চালু করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এর আগে দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্বে ভবনটিতে অভিযান চালানো হয়। রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
তবে ভবনটির ডেভেলপার ও মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন দাবি করেছেন, নিয়ম মেনেই ১৮ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছে। প্রকল্পটিতে ১০৫ জন শেয়ারহোল্ডার রয়েছেন। রেলওয়ের নির্দেশনা মেনে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।
জানা গেছে, ২০২০ সালে গণপূর্ত বিভাগ থেকে ভবনটির নকশা অনুমোদন নেওয়া হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি নির্মাণকাজ শুরু হলে নকশা অনুমোদন ও জমি দখল নিয়ে প্রশ্ন ওঠে।

আপনার মতামত লিখুন :