রবিউল আলম , মদন: নেত্রকোনার মদনে ব্যাটারিচালিত ইজিবাইক ও গরুর সংঘর্ষে আনোয়ারা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মদন-সিলেট বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা আক্তার উপজেলার কাইটাইল ইউনিয়নের জাওলা গ্রামের মৃত বুলবুল মাস্টারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা আক্তার ইজিবাইকে করে মদন পৌর শহরের দিকে আসছিলেন।
পথে সিলেট বাসস্ট্যান্ডের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গরুর সঙ্গে ইজিবাইকটির ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি উল্টে রাস্তার নিচে পড়ে গেলে যাত্রী আনোয়ারা আক্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম জানান, সড়ক দুর্ঘটনায় আনোয়ারা আক্তার নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :