ফুলবাড়ীয়ায় কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার মিটআপ

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:২৯ পিএম

ফুলবাড়ীয়ায় কারিগরি শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার মিটআপ

কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পল্লী ভবনে এর আয়োজন করে ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইনস্টিটিউট। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পৌঁছালে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

অনুষ্ঠানে অংশ নেওয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও সদ্য গ্র্যাজুয়েট সম্পন্ন করা শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজন চাকরিপ্রার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। আইসিটি ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদুজ্জামান বলেন, পড়াশোনা শেষে কর্মক্ষেত্রে প্রবেশ এবং পেশাগত জীবনে ভালো করার বিষয়ে এখানে পরামর্শ দেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, কারিগরি খাতকে গুরুত্ব দিলে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। দেশের জনসংখ্যাকে সম্পদ হিসেবে বিবেচনা করে যুবকদের কাজে লাগানোর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডি জবসের হেড অব প্রোগ্রামস মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার জুবায়ের হোসেন ও ন্যাশনাল টিউবসের প্রকৌশলী আমিনুর রহমান রাসেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইসিটি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ তানজিদ। অনুষ্ঠান শেষে সংসদ সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক, বিশেষ ক্রেস্ট ও উপহার প্রদান করে ফুলবাড়ীয়া আইসিটি ট্রেনিং ইনস্টিটিউট।

সিয়াম সরিষা
Link copied!