রবিউল আলম ,মদন : দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে মদন উপজেলা পরিষদ চত্বরে যুবদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মদন, নেত্রকোণার যৌথ আয়োজনে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ কাদের।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ এবং মদন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মদন পৌরসভা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজা আক্তার সীমু, পৌর মহিলা দলের সভাপতি তাসলিমা আক্তার স্মৃতি, সাধারণ সম্পাদক রত্না আক্তার এবং মদন উপজেলার ২ নম্বর চানগাঁও ইউনিয়নের সাবেক নারী সদস্য দুলেন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে অতিথিরা যুব ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের স্টল ঘুরে দেখেন এবং তাদের এই উদ্যোগের প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন :