চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামের এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বসতঘর থেকে একটি এলজি, চারটি ছোরা এবং পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নওশাদ আলম শাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালি এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার থানা পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে নওশাদ আলমের ঘর তল্লাশি করে অস্ত্র ও বিস্ফোরক জাতীয় সামগ্রী উদ্ধার এবং তাকে আটক করা হয়। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, অস্ত্রসহ নওশাদ আলমকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ঘটনার বিষয়ে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে কোনো অস্ত্রধারীর স্থান নেই। এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ, এর দায় দল নেবে না। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আপনার মতামত লিখুন :