চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসআরএমের রিসাইক্লিং ইউনিটে আমদানি করা লোহার স্ক্র্যাপের মধ্যে তিনটি পুরোনো গোলা পাওয়া গেছে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছে। বুধবার বিকেলে উপজেলার বারোআউলিয়া এলাকায় বিএসআরএমের ওই প্রতিষ্ঠানে পুলিশ সদস্যদের উপস্থিতিতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল গোলাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় কোনো হতাহত বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গোলাগুলো অত্যন্ত পুরোনো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মহান মুক্তিযুদ্ধের সময়কার। তিনি আরও জানান, কয়েক দিন আগে গোলাগুলো দেখতে পেয়ে বিএসআরএম কর্তৃপক্ষ সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সঙ্গে যোগাযোগ করে। ওয়ারেন্ট অফিসার জাকিরের নেতৃত্বে ছয় সদস্যের সেনাবাহিনীর একটি বিশেষ দল সফলভাবে অভিযান পরিচালনা করে গোলাগুলো নিষ্ক্রিয় করে।
ওসি বলেন, পুরোনো লোহা ভেবে গোলাগুলো ভাঙারি হিসেবে বিক্রি করা হয়ে থাকতে পারে। তবে এগুলো আমদানি করা স্ক্র্যাপ লোহার সঙ্গে এসেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগেও সীতাকুণ্ডের পাহাড়ি এলাকা থেকে একই ধরনের গোলা উদ্ধার করা হয়েছিল, তবে সেগুলোর উৎস সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে উদ্ধার হওয়া গোলাগুলোর প্রকৃত উৎস নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে।

আপনার মতামত লিখুন :