সেবা নিতে আসা মানুষদের হয়রানি, টিলা কাটা এবং অবৈধভাবে মাটি-বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই যোগদানের তিন মাস পূর্ণ হওয়ার আগেই বদলি হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে তার বদলির আদেশ আসে। স্থানীয় সেবাপ্রার্থীদের অভিযোগ, ভূমি অফিসে সেবা নিতে গিয়ে তারা হয়রানি, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দাবি এবং কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা লোকমান চৌধুরী জানান, তিনি ভূমি অফিসের একাধিক কর্মকর্তার কাছে বারবার হেনস্তার শিকার হয়েছেন। এছাড়া বাবুনগর এলাকার ৯০ বছর বয়সী এক বৃদ্ধাও সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন।
এদিকে টিলা কাটা ও অবৈধভাবে মাটি-বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। গত ২৯ অক্টোবর সুয়াবিলের শোভনছড়িতে এক বিধবার বাড়ির আঙিনা কেটে মাটি নেওয়ার ঘটনা পরিদর্শন করেন সংসদ সদস্য সরওয়ার আলমগীর। এর আগে ভূমি কর্মকর্তা রহমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করলেও মাটি কাটা বন্ধ হয়নি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই দিন রাতে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না জানতে চাইলে রহমত উল্লাহ জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এর আগে গত ১৯ অক্টোবর ফটিকছড়ির পাইন্দং এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে টিলা কাটার দায়ে ইরতিসাম কালাম ইরসাল নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ওই ভূমি কর্মকর্তা। তবে জরিমানার পরও একই এলাকায় ফের টিলা কাটার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ শওকত দাবি করেন, ভূমি কর্মকর্তা তাকে টিলা কাটার অনুমতি দিয়েছিলেন। যদিও রহমত উল্লাহ এ দাবি নাকচ করে জানান, তিনি কাউকে অনুমতি দেননি, বরং আগেই অভিযান চালিয়ে জরিমানা করেছিলেন। পরবর্তী সময়ে ফের টিলা কাটার বিষয়টি তার জানা ছিল না।
স্বল্প সময়ে বদলির বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, এটি একটি ধারাবাহিক বদলি। তবে বদলির আদেশ বা নতুন কর্মস্থল সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আপনার মতামত লিখুন :