একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়সহ চারটি স্থগিত

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:২৩ পিএম

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়সহ চারটি স্থগিত

ফাইল ফটো

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আরও চারটি প্রকল্পের অনুমোদন আপাতত স্থগিত রেখে সেগুলো পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থগিত প্রকল্পের তালিকায় রয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন প্রকল্প। এ ছাড়া প্রবৃদ্ধি-লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট (এলইডি) ইন সিলেক্টেড মিউনিসিপ্যালিটিজ এবং মেট্রো ঢাকা: ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্পও রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ অক্টোবর একনেকের বৈঠক হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

অনুমোদন পেয়েছে যেসব প্রকল্প

একনেকের অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনার উদ্যোগ। পাশাপাশি তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খনন প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এ ছাড়া ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের প্রকল্প অনুমোদিত হয়েছে।

অনুমোদনের তালিকায় আরও রয়েছে বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণ, পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্পের প্রথম পর্যায়।

ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি-টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ, জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন নির্মাণ এবং গ্রামীণ সড়কে ১৫ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

একনেকে অবহিত করা হয়েছে আরও কয়েকটি প্রকল্প

৫০ কোটি টাকার কম ব্যয়ের কয়েকটি প্রকল্প অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুমোদনে নেওয়া হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী এসব প্রকল্পের বিষয়ে একনেক বৈঠকে অবহিত করা হয়।

এগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবার আধুনিকায়ন, শিশু-কিশোর ও মাধ্যমিক শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ট্রাফিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার করার প্রকল্প।

এ ছাড়া ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পও একনেককে অবহিত করা হয়েছে।

 

 

Link copied!