খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিন্দুকছড়ি জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি।
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন, পাহাড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; এ জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের পাশে থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকায় জননিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, দুর্বল সড়ক যোগাযোগ, খালপাড়ে সাঁকো নির্মাণ, অবৈধ কাঠ পাচার, বাজারের শৃঙ্খলা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, খুন-অপহরণসহ অপরাধ দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কের সমস্যা, মানবাধিকার এবং শিক্ষার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পাহাড়ে সন্ত্রাস ও অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী, রামগড় থানার ওসি মোঃ নাজির আলম, মানিকছড়ি থানার ওসি মোঃ রাশেদ খান, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ, গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, গুইমারা উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ জয়নাল আবেদীনসহ দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা পাহাড়ের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে স্থানীয় জনগণের নিরাপত্তা ও কল্যাণে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :