আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার পক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা সংঘাত, সহিংসতা ও বিভেদ পরিহার করে একটি শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফুলগাজী বাজারের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পিএফজি ফুলগাজী শাখার কো-অর্ডিনেটর কবির আহমেদ নাছিরের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর ফখরুল আলম স্বপন, শহিদুল ইসলাম মজুমদার ও জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, পিএফজি সদস্য নুরুল হুদা শাহীন, শরীফা আক্তার, এনামুল হক, আমিনুল ইসলাম রসূল, সাংবাদিক সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ, সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বিভাজনের কারণে বিশ্বব্যাপী মানুষের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক শান্তি দিবসের তাৎপর্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।বক্তারা আরও বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের পূর্বশর্ত হলো শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। সমাজে বিভেদ নয়, বরং ঐক্য ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তরুণ প্রজন্মকে শান্তি, মানবিক মূল্যবোধ ও সহনশীলতার শিক্ষা দিতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতৃত্বকে এ ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গুজব, বিদ্বেষমূলক প্রচারণা ও সহিংসতার সংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখার আহ্বান জানান তারা।বক্তারা বলেন, আন্তর্জাতিক শান্তি দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং এটি মানুষের মধ্যে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। একটি বৈষম্যহীন, নিরাপদ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানববন্ধন শেষে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আপনার মতামত লিখুন :