সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানদের ভাতা নিয়ে পটিয়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০০ পিএম

সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানদের ভাতা নিয়ে পটিয়ায় মানববন্ধন

ফাইল ফটো

আবদুল্লাহ আল নোমান ,পটিয়া : সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য ঘোষিত মাসিক ৩ হাজার টাকা ভাতার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তির জন্য সমহারে এই ভাতা চালুর দাবি জানানো হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের পটিয়ায় এ দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি পেশ করেন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনের নেতারা। সম্মিলিত প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন পরিষদ, পটিয়া ও দক্ষিণ চট্টগ্রাম'-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য যদি মাসিক ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা যায়, তবে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিকেও সমান চোখে দেখতে হবে। সাধারণ পরিবারে বেড়ে ওঠা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজনীয় চিকিৎসা ও দৈনন্দিন খরচ কোনো অংশে কম নয়। তাই বৈষম্য দূর করে সমাজের সকল প্রতিবন্ধী ব্যক্তির জন্য আরও কার্যকর সামাজিক নিরাপত্তা বলয় নিশ্চিত করার জোর দাবি জানান তারা। বক্তারা আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন। কেবল ভাতা বৃদ্ধিই নয়, বরং শিক্ষা, মানসম্মত চিকিৎসা, উপযুক্ত কর্মসংস্থান ও স্থায়ী পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করার দাবিও তোলা হয় মানববন্ধন থেকে। কর্মসূচি শেষে প্রতিনিধিদল পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের হাতে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত দাবিনামা তুলে দেন।

দাবিনামা গ্রহণকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আপনারা যে যুক্তিসঙ্গত দাবিগুলো তুলে ধরেছেন, তা আমি গুরুত্বের সাথে গ্রহণ করেছি। এই স্মারকলিপি ও দাবিনামাটি আমি দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, সকল প্রতিবন্ধী ব্যক্তির ন্যায্য দাবি আদায় ও তা সরকারের সংশ্লিষ্ট নীতি-নির্ধারণী মহলে পৌঁছে দিতে আগামীতেও তাদের এই ধরনের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!