চন্দনাইশে পূবালী ব্যাংক চন্দনাইশ শাখার উদ্যোগে ‘ক্যাশলেস রওশনহাট’ ক্যাম্পেইন উদ্বোধন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৩ পিএম

চন্দনাইশে পূবালী ব্যাংক চন্দনাইশ শাখার উদ্যোগে ‘ক্যাশলেস রওশনহাট’ ক্যাম্পেইন উদ্বোধন

ফাইল ফটো

ইয়াছিন ইসলাম হৃদয় ,চন্দনাইশ : লেনদেন হবে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে পূবালী ব্যাংক পিএলসি চন্দনাইশ শাখার উদ্যোগে ‘ক্যাশলেস রওশনহাট’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রান্তিক পর্যায়ে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রওশনহাট হাজী বাদশা মার্কেটে বর্ণাঢ্য র‍্যালি, বেলুন ওড়ানো ও এক মতবিনিময় সভার মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি চন্দনাইশ শাখার ব্যবস্থাপক এ.ই.এম. রিয়াজুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জনাব অভিজিৎ ভট্টাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোনাফ সওদাগর, আজিজুর রহমান ও আব্দুল করিম মুন্সী। এছাড়া গ্রাহকদের পক্ষ থেকে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন।

মতবিনিময় সভায় বক্তারা কিউআর পেমেন্ট, পস (POS) মেশিন, পাই ব্যাংকিং অ্যাপস, সিআরএম, এটিএম, কিয়স্ক, আরটিডিএম ও ডিজিটাল সার্ভিস সেন্টারসহ পূবালী ব্যাংকের আধুনিক ডিজিটাল সেবাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি ডিজিটাল লেনদেনের নিরাপত্তা ও এর সার্বিক তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো স্থানীয় ব্যবসায়ীদের আধুনিক ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত করা এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে একটি নিরাপদ ও স্মার্ট অর্থনীতি গঠনে সচেতনতা বৃদ্ধি করা।

সিয়াম সরিষা
Link copied!