কক্সবাজারে অপরাধ দমনে কঠোর অবস্থানে জেলা পুলিশ

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫১ পিএম

কক্সবাজারে অপরাধ দমনে কঠোর অবস্থানে জেলা পুলিশ

কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটন সংক্রান্ত বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন বার্তা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) এ.এন.এম. সাজেদুর রহমান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ঘোষণা করেন, পর্যটন নগরীসহ সমগ্র জেলার মহাসড়কগুলোকে অপরাধমুক্ত করতে জেলা পুলিশ ত্রিমাত্রিক কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে চিহ্নিত ছিনতাইকারী, মহাসড়কে সক্রিয় সংঘবদ্ধ ডাকাত চক্র এবং তাদের আশ্রয়দাতাদের সমূলে উৎপাটন করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।


এ সময় মহাসড়কে সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের সাম্প্রতিক সফল অভিযানের বিবরণ তুলে ধরা হয়। পুলিশ সুপার জানান, একটি চক্র মাইক্রোবাসের রং ও নম্বরপ্লেট জালিয়াতির মাধ্যমে মহাসড়কে ডাকাতি ও লুণ্ঠন চালিয়ে আসছিল। জেলা পুলিশের একটি চৌকস দল আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চক্রটির গতিবিধি শনাক্ত করে। পরবর্তীতে এক ঝটিকা অভিযানে ৩০টিরও অধিক মামলার এজাহারভুক্ত আসামি ‘বাদল ডাকাত’সহ চক্রের একাধিক সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।অপরাধীদের জামিন প্রাপ্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এসপি এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করছে।

কিন্তু চিহ্নিত অপরাধীদের একটি বড় অংশ দ্রুত জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধে লিপ্ত হচ্ছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় বড় অন্তরায়। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি জেলা আইনজীবী সমিতি ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। কক্সবাজারের পর্যটন এলাকা ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের চিরুনি অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ নাগরিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!