আবদুল্লাহ আল নোমান ,পটিয়া : চট্টগ্রামের পটিয়ায় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কমল মুন্সির হাট বাজারসংলগ্ন চক্রশালা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস চক্রশালা স্টেশন এলাকা অতিক্রম করছিল।
এ সময় রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটি ট্রেনের সামনের অংশে আটকে যায়। পরে ট্রেনটি ভ্যানটিকে টেনেহিঁচড়ে আনসার ক্যাম্পসংলগ্ন মল্লাপাড়া এলাকা পর্যন্ত নিয়ে যায়। একপর্যায়ে ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আটকা পড়ে কক্সবাজার এক্সপ্রেস। খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম বলেন, রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা কাভার্ড ভ্যানটির সঙ্গে সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :