গুইমারায় সেনাসম্প্রীতি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

দিদারুল হৃদয় , গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৬ পিএম

গুইমারায় সেনাসম্প্রীতি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

ফাইল ফটো

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল দলের সহযোগিতায় প্রায় ৪৫০ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পেইনে জ্বর, সর্দি-কাশি, চক্ষুজনিত সমস্যা, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগসহ বিভিন্ন মৌসুমি রোগের চিকিৎসা দেওয়া হয়।

পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের জন্যও প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।  মেডিকেল ক্যাম্পেইনে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সম্প্রতি প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় নার্সদের একটি দলও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান এবং চিকিৎসকদের বিভিন্ন কাজে সহযোগিতা করেন। স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত নারীদের মাধ্যমে সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ পাওয়ায় বিষয়টি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এলাকাবাসীর পক্ষ থেকে এক জনপ্রতিনিধি বলেন, সিন্দুকছড়ি জোনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে স্থানীয় তরুণীদের চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম সরবরাহ এবং তাদের মাধ্যমে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাওয়ায় গুইমারা এলাকার সুবিধাবঞ্চিত মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছেন। এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সুবিধাভোগীরাও বাংলাদেশ সেনাবাহিনী এবং সিন্দুকছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে। তিনি জানান, এরই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের সহযোগিতায় একই স্থানে বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন আয়োজন করা হবে। পরবর্তীতে আরও বড় পরিসরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!